Showing posts with label প্রথম প্রস্তাব. Show all posts
Showing posts with label প্রথম প্রস্তাব. Show all posts

প্রশ্নাবলী: প্রথম প্রস্তাব - আত্মা বিষয়ক

প্রশ্নাবলী
প্রথম প্রস্তাব
[আত্মা বিষয়ক]
১ আমি কে?
মানুষের আমিত্ববোধ যত আদিম ও প্রবল তত আর কিছুই নহে। আমি সুখী,আমি দুঃখী,আমি দেখিতেছি,আমি শুনিতেছি,আমি বাঁচিয়া আছি, আমি মরিব ইত্যাদি হাজার হাজার রূপে আমি আমাকে উপলব্ধি করিতেছি। কিন্তু যথার্থ “আমি”- এই রক্ত-মাংস,অস্থি,মেদ-মজ্জা-গঠিত দেহটাই কি “আমি”? তাই যদি হয়,তবে মৃত্যুর পরে যখন দেহের উপাদান সমূহ পচিয়া-গলিয়া অর্থাৎ রাসায়নিক পরিবর্তনে কতগুলি মৌলিক ও যৌগিক পদার্থে রূপান্তরিত হইবে,তখন কি আমার আমিত্ব থাকিবে না? যদি না-ই থাকে,তবে স্বর্গ-নরকের সুখ-দুঃখ ভোগ করিবে কে? নতুবা “আমি” কি আত্মা? যদি তাহাই হয়,তবে আত্মাকে “আমি” না বলিয়া “আমার”, ইহা বলা হয় কেন? যখন কেহ দাবী করে যে, দেহ আমার, প্রাণ আমার এবং মন আমার,তখন দাবীদারটা কে?